
নগরীর ব্যস্ততম স্টেশন রোড এলাকায় রাস্তা দখল করে অবৈধভাবে মালামাল রাখার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
জনসাধারণের চলাচলে বিঘ্ন ও তীব্র যানজটের কারণে সৃষ্ট ভোগান্তি নিরসনে তিনি সংশ্লিষ্ট দোকান মালিকদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
মেয়র বলেন, “রাস্তা জনগণের সম্পদ। কেউ ব্যক্তিগত প্রয়োজনে রাস্তা দখল করে মালামাল রাখলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
স্টেশন রোডে দীর্ঘদিন ধরে যে অনিয়ম চলছে, তা বন্ধে সিটি কর্পোরেশন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।”
তিনি আরও বলেন, “ব্যবসা পরিচালনা করতে হলে অবশ্যই নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা করা আইনত অপরাধ।
নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করবো এবং প্রয়োজন হলে জরিমানা ও উচ্ছেদ কার্যক্রম জোরদার করা হবে।”
ব্যবসায়ীদের উদ্দেশে মেয়র আহ্বান জানান, নিজ দায়িত্বে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নিতে সিটি কর্পোরেশন বাধ্য হবে বলেও সতর্ক করেন তিনি।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, স্টেশন রোডসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
এ অভিযানের মাধ্যমে অবৈধ দখল উচ্ছেদ করে পথচারী ও যান চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।






















আপনার মতামত লিখুন :