সব স্তরের শিক্ষাবৃত্তি দ্বিগুণের উদ্যোগ, উপকৃত হবে লাখো শিক্ষার্থী


Rajib Sen Prince প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৬, ২:১৮ অপরাহ্ন /
সব স্তরের শিক্ষাবৃত্তি দ্বিগুণের উদ্যোগ, উপকৃত হবে লাখো শিক্ষার্থী

দেশের প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন টিকিয়ে রাখতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার।

প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত সব স্তরের শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ করার প্রক্রিয়া শুরু হয়েছে, ফলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আগের তুলনায় দ্বিগুণ অর্থ পাবেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৫-১৬ অর্থবছরে নির্ধারিত বৃত্তির হার দীর্ঘদিন অপরিবর্তিত ছিল।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন-এর নির্দেশনায় গত ২ এপ্রিল থেকে এ উদ্যোগ বাস্তবায়নের কাজ শুরু হয়।

প্রস্তাব অনুযায়ী, বৃত্তির হার বাড়ানো হলে সরকারের বার্ষিক ব্যয় ১৮৪ কোটি টাকা থেকে বেড়ে প্রায় ৩৬৮ কোটি টাকায় পৌঁছাবে।

প্রাথমিক স্তরে মেধাবৃত্তি ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা এবং সাধারণ বৃত্তি ২২৫ টাকা থেকে ৪৫০ টাকা করার পরিকল্পনা রয়েছে। একইভাবে জেএসসি, এসএসসি ও এইচএসসি পর্যায়েও বৃত্তির হার দ্বিগুণ করা হচ্ছে।

এছাড়া মাসিক ভাতার পাশাপাশি বার্ষিক এককালীন অনুদানও বাড়ানোর প্রস্তাব রয়েছে, যা শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সহায়তা হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নীতিনির্ধারকদের মতে, এ সিদ্ধান্ত ঝরে পড়া রোধ এবং উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।