প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ফিরল জাতীয় সমন্বয়, ১৬ বছর পর একযোগে আয়োজন


Rajib Sen Prince প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন /
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ফিরল জাতীয় সমন্বয়, ১৬ বছর পর একযোগে আয়োজন

দীর্ঘ ১৬ বছর পর স্থগিত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষা আবারও সারা দেশে একযোগে শুরু হয়েছে।

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিনে আজ বুধবার (১৫ এপ্রিল) বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষা চলে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির ৫ মার্চের সভায় পরীক্ষার সময়সূচি অনুমোদন করা হয়। পরে অধিদপ্তরের পক্ষ থেকে বিস্তারিত সূচি প্রকাশ করা হয়।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে আড়াই ঘণ্টা ধরে চলবে।

তবে পার্বত্য তিন জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভিন্ন সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসব এলাকায় ১৭ এপ্রিল প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হবে।

এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

দীর্ঘ বিরতির পর একযোগে বৃত্তি পরীক্ষা শুরু হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা গেছে।