চট্টগ্রামে অনিয়মে ভোজ্যতেল মজুদ, যৌথ অভিযানে জরিমানা


Rajib Sen Prince প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৬, ৯:০৮ অপরাহ্ন /
চট্টগ্রামে অনিয়মে ভোজ্যতেল মজুদ, যৌথ অভিযানে জরিমানা

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার মেডিকেল গেইট এলাকায় ভোজ্যতেল মজুদ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১০ এপ্রিল) পুরাতন থানা সংলগ্ন এলাকায় পরিচালিত এ অভিযানে উপজেলা প্রশাসনের সঙ্গে র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযানকালে একটি আবাসিক ভবনের ভেতরে অবস্থিত ‘আলম এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানে প্রায় ৩০ হাজার লিটার ভোজ্যতেল মজুদ অবস্থায় পাওয়া যায়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদভাবে তেল সংরক্ষণ করছিল।

এ ছাড়া যথাযথ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থতা, পুরাতন স্টক শেষ হওয়ার আগেই নতুন পণ্য মজুদ করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের মতো একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়েছে।

পাশাপাশি মজুদকৃত ভোজ্যতেল বিক্রি শেষ না হওয়া পর্যন্ত নতুন করে কোনো পণ্য মজুদ না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ মজুদের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি রোধে জনস্বার্থে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।