
চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ ও খুলশী থানা এলাকায় জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ ও বোতলজাত করা বিপুল পরিমাণ ফর্টিফায়েড সয়াবিন তেল জব্দ করা হয়েছে।
গতকাল বুধবার (৮ এপ্রিল) পরিচালিত এ অভিযানে অংশ নেয় জেলা প্রশাসন, চট্টগ্রাম, র্যাব-৭, সিএমপি এবং বিএসটিআই-এর বিভাগীয় কার্যালয়।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার।
অভিযানে বায়েজীদ থানাধীন গুলবাগ আবাসিক এলাকায় অবস্থিত ‘আমানত প্যাকেজিং এন্ড মার্কেটিং’ নামক প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
প্রতিষ্ঠানটি বিএসটিআই থেকে সিএম সনদ গ্রহণ ছাড়াই ফর্টিফায়েড সয়াবিন তেল বোতলজাত করে পণ্যের মোড়কে মানচিহ্ন ব্যবহারপূর্বক বাজারজাত করছিল।
এ অপরাধে প্রতিষ্ঠানটিতে মজুদ থাকা প্রায় ১,০৪২ লিটার ভোজ্যতেল, আনুমানিক ১০ হাজার পিস পণ্যের মোড়ক এবং বেশ কিছু খালি বোতল জব্দ করা হয়।
জব্দকৃত সামগ্রী সংশ্লিষ্ট থানার জিম্মায় রাখা হয়েছে এবং প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পরবর্তীতে খুলশী থানা এলাকায় পরিচালিত অভিযানে আরও দুটি প্রতিষ্ঠানে লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য মজুদের প্রমাণ মেলে। সেখানে প্রায় ৫০ ড্রাম (প্রতি ড্রাম ২০০ লিটার) ফর্টিফায়েড সয়াবিন তেল মজুদ রাখা হয়েছিল।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে এসব তেল সংরক্ষণের অভিযোগও পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দুই প্রতিষ্ঠান মালিককে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সার্বিক নির্দেশনায় জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হচ্ছে।
এ পর্যন্ত জেলায় মোট ২৬৯টি অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, কোস্টগার্ডসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে প্রায় ৭৫ হাজার ৮২৪ লিটার তেল জব্দ করা হয়েছে।
অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।






















আপনার মতামত লিখুন :