বালু উত্তোলনে ধরা, মুচলেকায় মুক্তি


Rajib Sen Prince প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন /
বালু উত্তোলনে ধরা, মুচলেকায় মুক্তি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে আবারও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।

যৌথ অভিযানে ড্রেজার জব্দ ও জড়িতদের আটক করার ঘটনা নতুন করে উপকূল রক্ষার গুরুত্ব সামনে এনেছে

রবিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় সীতাকুণ্ড উপজেলার কুমিরা থেকে বাঁশবাড়িয়া সাগর উপকূলজুড়ে পরিচালিত এ অভিযানে অংশ নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, কোস্ট গার্ড ও নৌবাহিনী।

পরদিন সোমবার (৬ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও নৌ পুলিশের সমন্বয়ে সীতাকুণ্ড থানাধীন কুমিরা ও বাশবারিয়া সমুদ্র তীরবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫টি ড্রেজারসহ ৫ জনকে আটক করা হয়।

অভিযান শেষে বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মালিকপক্ষকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি আটক ব্যক্তিদের মুচলেকা নিয়ে ড্রেজারসহ ছেড়ে দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র উপকূলীয় এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে।

এতে করে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভাঙনের ঝুঁকিতে পড়ছে বসতবাড়ি, এবং পরিবেশের ওপর পড়ছে মারাত্মক প্রভাব।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলীয় অঞ্চলকে ‘বালুখেকোদের’ হাত থেকে রক্ষা করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমেই এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব।

উপকূল রক্ষায় প্রশাসনের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়েছে, তবে সচেতন মহল বলছে—টেকসই সমাধানের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়ন।