
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় একটি ভাড়া বাসায় গড়ে ওঠা চোলাই মদের কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে পুলিশ।
অভিযানে বিপুল পরিমাণ মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এ সময় দুই নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন-খাগড়াছড়ির বাঘাইছড়ি থানার সারোয়াতলী ইউপির শিজক এলাকার ললিত কুমার চাকমার ছেলে রিপন চাকমা, গুইমারা থানার হাকছড়ি ইউপির ছোট কালাপানি এলাকার যদুরঞ্জন চাকমার ছেলে বিপ্লব চাকমা ও মেয়ে রেবিকা চাকমা , সিন্দুকছড়ি ইউপির কলাছড়িপাড়ার অসুখ কুমার চাকমার ছেলে বাবুধন চাকমা এবং নাইক্ষ্যংছড়ির থানার দুল্যাতলী ইউপির কৈলাস মহাজন পাড়ার হরিমোহন চাকমার মেয়ে টুনি চাকমা (৩৯),ছেলে কৌশল বিকাশ চাকমা।
মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে দক্ষিণ মোহরা এলাকায় ইস্পাহানী কেজি স্কুলসংলগ্ন একটি ভবনে অভিযান চালানো হয়। পুলিশ জানায়, ভবনটির একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে গোপনে মদ তৈরির কারখানা স্থাপন করা হয়েছিল।
অভিযানে উদ্ধার করা হয়-৫১০ লিটার চোলাই মদ, ১০০০ লিটার পানি মিশ্রিত গাঁজনকৃত শর্করা জাতীয় তরল পদার্থ, ২টি সিলভারের ছিদ্রযুক্ত পাতিল, ২টি কড়াই সদৃশ সিলভারের পাতিল, ৩টি বড় পাতিল এবং চোলাই মদ বহনের জন্য ব্যবহৃত ৫০টি প্লাস্টিকের সেলাইনের প্যাকেট।
গ্রেপ্তার ব্যক্তিরা পার্বত্য জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশ বলছে, তাঁরা সেসব এলাকা থেকে কাঁচামাল সংগ্রহ করে নগরে এনে এই কারখানায় মদ উৎপাদন করতেন।
গ্রেপ্তারদের অধিকাংশই পার্বত্য এলাকার বাসিন্দা। তারা সেখান থেকে উপকরণ সংগ্রহ করে ভাড়া বাসায় কারখানা স্থাপন করেছিল। সেখানে তৈরি মদগুলো নগরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানান পুলিশের এ কর্মকর্তা।






















আপনার মতামত লিখুন :