
চট্টগ্রাম বন্দরে এসে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে আন্দোলনরত শ্রমিক ও কর্মচারীদের তোপের মুখে পড়তে হয়েছে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম. সাখাওয়াত হোসেনকে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নৌপরিবহন উপদেষ্টা অচলাবস্থা নিয়ে জরুরি বৈঠকে যোগ দিতে বন্দরে পৌঁছালে শ্রমিকদের তোপের মুখে পড়েন তিনি।
দেখা যায়, উপদেষ্টার গাড়িবহর বন্দরের ৪ নম্বর গেটে পৌঁছালে তার গাড়িবহর আটকে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে বন্দর ভবনের ভেতরে উপদেষ্টা হেঁটে ঢোকার সময়ও তারা আশপাশে অবস্থান নিয়ে ভুয়া, ভুয়া স্লোগান দিতে থাকেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ।
চিঠি থেকে জানা যায়, বন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে অনুষ্ঠেয় বৈঠকে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের থাকতে বলা হয়েছে।
এদিকে নৌপরিবহন উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে আসার খবর পেয়ে সকাল থেকেই আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শত, শত শ্রমিক-কর্মচারী চট্টগ্রাম বন্দর ভবনের অদূরে ৪ নম্বর জেটিগেট থেকে কাস্টমস মোড়সহ আশপাশের এলাকায় অবস্থান নেয়।
নৌপরিবহন উপদেষ্টার গাড়িবহর কাস্টমস মোড়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আশপাশ থেকে আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা বেরিয়ে আসেন।
তারা স্লোগান দিতে দিতে গাড়িবহর আটকে দেন। প্রায় ১৫ মিনিট আটকে থাকার পর পুলিশ চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে গাড়িগুলোকে বন্দর ভবনের ভেতরে নিয়ে যায়।
বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার থেকে টানা তিন দিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন।
এর পর আন্দোলনকারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান।






















আপনার মতামত লিখুন :