চবিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত


Csp Admin প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২৫, ৫:১৫ অপরাহ্ন /
চবিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজায় ইমামতি করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আবু দাউদ মুহাম্মদ মামুন।

এ সময় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সব মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে তার আত্মার শান্তি কামনায় প্রার্থনার আয়োজন করা হয়।

এছাড়া, বাদ আছর কেন্দ্রীয় জামে মসজিদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানাজা শেষে বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার বলেন, সব মানুষ যাকে ভালোবাসে, আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করে দেন। আল্লাহ তায়ালা যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।

এ সময় চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে মিথ্যা মামলায় কারাবন্দি থাকার কারণে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রয়োজনীয় চিকিৎসা থেকেও তাকে বঞ্চিত করা হয়েছিল।

জুলাইয়ের গণআন্দোলনের ফলেই তিনি-সহ অনেক রাজনৈতিক বন্দি থেকে মুক্তি পান। তিনি ছিলেন একজন জনপ্রিয় ও বাংলাদেশপন্থি নেত্রী, যিনি দেশ ও জনগণকে হৃদয়ে ধারণ করতেন।

ফ্যাসিবাদী শাসনামলেও তিনি অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে ছিলেন। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তার সব নেক আমল কবুল করেন।

গায়েবানা জানাজায় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, চাকসুর ভিপি মো. ইব্রাহীমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এর আগে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া।

গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে নিউমোনিয়াসহ কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো জটিলতা দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়।