চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি


Csp Admin প্রকাশের সময় : জুন ২৯, ২০২৫, ৮:৫৫ অপরাহ্ন / ১৮
চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (২৯ জুন) দুপুর ১টার দিকে আকবর শাহ এলাকায় বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রায়হান (৩২) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা।

বর্তমানে ভুক্তভোগী ও ধর্ষক দুজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, রবিবার সকাল ৯টা থেকে ওই কিশোরীকে খুঁজে পাচ্ছিলেন না তার পরিবার। তাদের বসতঘরের পাশে পাহাড়ে খোঁজাখুঁজির পর রায়হানসহ কিশোরীকে খুঁজে পায় স্থানীয় ও প্রতিবেশীরা।

রায়হানের গ্রামের বাড়ি ময়মনসিংহের নেত্রকোনায়। এখানে তিনি এক আত্মীয়ের বাসায় থাকেন বলে জানা গেছে।

হাসপাতাল সূত্র জানায়, ধর্ষণের শিকার এক কিশোরীকে চিকিৎসা ও শারীরিক পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

কিশোরীর বাবা বলেন, তার মেয়েকে ছুরি নিয়ে ভয় দেখিয়ে বাসার পাশের একটি পাহাড়ে নিয়ে যান রায়হান। সেখান থেকে বিবস্ত্র অবস্থায় তাকে আনা হয়। মেয়েকে মেডিকেলে নেওয়া হয়েছে। আগেও এক নারীর সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে রায়হান। চার মাস কারাভোগের পর আবার এলাকায় ফিরে যান।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, এক যুবককে গণপিটুনি দেওয়ার পর খবর পেয়ে থানা পুলিশের টিম ঘটনাস্থলে যায়।

‘কিশোরীকে হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত যুবককে স্থানীয় লোকজন গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। তাকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।