মোদির মন্ত্রিসভায় থাকছেন কারা?


Csp Admin প্রকাশের সময় : জুন ৯, ২০২৪, ৪:৫০ অপরাহ্ন / ১৫৫
মোদির মন্ত্রিসভায় থাকছেন কারা?

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি।

রোববার ( ৯ জুন) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলসের চত্বরে অনুষ্ঠিত হবে এ শপথগ্রহণ অনুষ্ঠান।

এরআগে এনডিএ’র নেতাদের সঙ্গে দেখা করেছেন মোদি। এই নেতাদের অনেকেই মন্ত্রীর পদ পাবেন বলে আশা করা হচ্ছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সড়ক ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি একই পদে বহাল থাকবেন। এছাড়া রাজ্যসভার দুই সদস্য নির্মলা সীতারামন এবং এস জয়শঙ্কর যথাক্রমে অর্থ ও পররাষ্ট্র দপ্তরের মন্ত্রীত্বই পাবেন।

মোদির দ্বিতীয় ও তৃতীয় মেয়াদের মধ্যে পার্থক্য একটাই। আর তা হলো-এবারে মোদির বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে মন্ত্রীপদে ভাগ-বাটোয়ারা হবে-এটাই স্বাভাবিক। সে হিসেবে জেডিইউ থেকে প্রাক্তন দলীয় প্রধান রাজীব রঞ্জন সিং এবং রাজ্যসভার সাংসদ ও বিহারের সাবেক মুখ্যমন্ত্রী কার্পুরি ঠাকুরের ছেলে রামনাথ ঠাকুর মন্ত্রী পদ পেতে পারেন। তৃতীয় মেয়াদে টিডিপি থেকে ড. চন্দ্র সেখর পেমমাসানি এবং রাম মোহন নাইডু কিঞ্জারাপু মন্ত্রীর পদ পাচ্ছেন।

এছাড়া এলজেপির চিরাগ পাসওয়ান (রাম বিলাস) জেডিএসের এইচডি কুমারস্বামী, আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল (সোনেলাল), আরএলডির জয়ন্ত চৌধুরি এবং হিন্দুস্থানি আওয়াম মোর্চার জিতন রাম মাঞ্জি মন্ত্রী পদ পেতে পারেন।

এছাড়া প্রলাহাদ জোশী, হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এবং মধ্যপ্রদেশের নেতা শিবরাজ সিং চৌহান এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও মন্ত্রী পদ পেতে পারেন।

সূত্র জানায়, উত্তর-পূর্ব থেকে বিজেপির নেতা সর্বানন্দ সোনোয়াল এবং কিরেন রিজিজু মন্ত্রী হিসাবে ফিরতে পারেন। এছাড়া জি কিশান রেড্ডি, শোভা করন্দলাজে, বিএল ভার্মা, বান্ডি সঞ্জয় কুমার, নিত্যানন্দ রাই এবং গিরিরাজ সিং এর নামও শোনা যাচ্ছে।

সিএসপি/বিআরসি