রাউজানে যুবদলকর্মী খুন


Csp Admin প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৫, ১২:১৩ অপরাহ্ন / ৩৭
রাউজানে যুবদলকর্মী খুন

চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়াস্থ ভান্ডারী কলোনির নিজ বাসায় খুন হয়েছে যুবদলকর্মী মো. মানিক (৪৫)।

শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার সময় নিজ বাসায় খাবার খাওয়ার সময় দুর্বৃত্তের হামলায় সে নিহত হন।

নিহত মানিক ওই এলাকার প্রয়াত আব্দুল মোতালেবের ছেলে। সে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।

জানা গেছে, শনিবার রাতে নিজ ভাড়া ঘরে খাবার খাওয়ার সময় অজ্ঞাতনামা ৮/১০ জন অস্ত্রধারী মুখোশ পড়ে এসে অতর্কিতভাবে শর্টগানের গুলি চালায় এবং মানিককে চাপাতি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়।

এদিকে হামলা খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে টিম নিয়ে ছুটে যান রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া।

তিনি জানান, হামলার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছালেও তার আগেই হামলাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

নিহত যুবকের মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে ২ রাউন্ড শর্টগানের কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান রাউজান থানার ওসি।