
আইনী সহায়তায় হিউম্যান রাইটস
যৌতুকের দাবীতে গৃহবধুকে হত্যা করে আত্নহত্যা বলে চালিয়ে দেয়ার অভিযোগে হত্যা মামলা দায়ের করেছে নিহত ভিকটিমের মা।
মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচআরএফ এর আইনী সহায়তায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩,চট্টগ্রামের ভারপ্রাপ্ত বিচারক মোস্তাক আহমদের আদালতে হত্যা মামলাটি দায়ের করা হয়।
আদালত মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই চট্টগ্রাম জেলাকে নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম নিশ্চিন্তাপুর এলাকার বাসিন্দা নুরুল আলমের ছেলে ওমান প্রবাসী মোরশেদ আলম রোকন ও তার পিতা-মাতাসহ পরিবরের লোকজন গৃহবধূ উম্মে হাবীবা তানহাকে যৌতুকের দাবীতে নির্যাতন করে হত্যা করে।
হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিম উম্মে হাবীবা তানহা’র মা শিমুল আকতার বাদি হয়ে আজ বুধবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ মামলা দায়ের করেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন) ২০০৩ এর ১১(ক)/৩০ ধারায় দায়েরকৃত মামলায় ভিকটিমের স্বামী, শ্বশুর ও ভাসুরসহ ৬ জনকে আসামি করা হয়। (মামলা নং- ৬৫/২৫ ইং)।
বিচারক মোস্তাক আহমদ বাদীর জবানবন্দি গ্রহণ এবং দাখিলীয় ছবি ও কাগজপত্র পর্যালোচনা করে বাদীনির আনীত অভিযোগ বিষয়ে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই চট্টগ্রাম জেলাকে নির্দেশ দেন।
অভিযোগ থেকে জানা যায়, ভিকটিম উম্মে হাবীবা উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজে এইচএসসি বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত থাকাবস্থায় গত ২০২৩ সালের ১১ জুন দশ লক্ষ টাকা মোহরানা ধার্য্যে পারিবারিক ভাবে বিবাহ সম্পন্ন হয়।
বিয়ের পর থেকে ভিকটিম আসামীগণের বাড়িতেই ছিলেন। বিয়ের ৫৬দিন পর ভিকটিমের স্বামী ওমান চলে যায়। পরবর্তীতে ৭শ বরযাত্রী আপ্যায়ন করে বিবাহোত্তর অনুষ্ঠান এবং ওমানে ব্যবসা করার জন্য ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করে।
যৌতুকের টাকা দিতে না পারায় ভিকটিমকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। এর জের ধরে গত ১৪ এপ্রিল ভিকটিম উম্মে হাবীবা তানহাকে হত্যা করে খাটের উপর ফেলে রাখে এবং ভিকটিমের গলায় একটি ওড়না পেঁচিয়ে জানালার সাথে ঝুলিয়ে রাখে।
হত্যার পর ভিকটিমের স্বামী ও শ্বশুড় বাড়ির লোকজন আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে। পরবর্তীতে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত থানাতেও একটি অপমৃত্যু মামলা দায়ের করে।
তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড জানিয়ে ভিকটিমের লাশ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য পৃথক একটি দরখাস্ত দাখিল করেন ভিকটিমের স্বজনরা।
সবশেষে আজ বুধবার মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম এর আইনি সহায়তায় মামলা দায়ের করা হয়।
বাদীর পক্ষে মামলা শুনানীতে অংশগ্রহণ করেন মানবাধিকার আইনবিদ এডভোকেট জিয়া হাবীব আহসান, স্পেশাল পিপি এডভোকেট আলমগীর মো. ইউনুছ, এড মো. হাসান আলী, এড বদরুল হাসান, এড.খুশনুদ রাইসা উশিকা, এড জিয়াউদ্দিন আরমান ও এড কে এম শান্তনু প্রমূখ।






















আপনার মতামত লিখুন :