হজে যেতে আগ্রহীদের জন্য সুখবর, শুরু হলো ২০২৭ সালের প্রাক-নিবন্ধন


Rajib Sen Prince প্রকাশের সময় : জুলাই ১, ২০২৬, ১২:২৯ অপরাহ্ন /
হজে যেতে আগ্রহীদের জন্য সুখবর, শুরু হলো ২০২৭ সালের প্রাক-নিবন্ধন

২০২৭ সালে পবিত্র হজ পালনে আগ্রহীদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সৌদি আরবের ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করতে হবে।

ফলে আগ্রহীদের এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (১ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, ২০২৭ সালের হজের জন্য ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

সৌদি সরকারের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধন শেষ করতে না পারলে পরবর্তী কার্যক্রমে জটিলতা তৈরি হতে পারে। তাই আগ্রহীদের দ্রুত প্রাক-নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের ধর্ম বিষয়ক মন্ত্রীদের কাছে হজের রোডম্যাপ হস্তান্তর করা হয়।

বাংলাদেশের পক্ষ থেকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন।

এ সময় সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার হাতে আনুষ্ঠানিকভাবে ২০২৭ সালের হজের রোডম্যাপ তুলে দেন।

ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ করতে হবে। এরপর ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষর হবে।

এ ছাড়া ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে। ৮ এপ্রিল শুরু হবে হজযাত্রীদের ফ্লাইট পরিচালনা।

আর চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে (০৯ জিলহজ) অনুষ্ঠিত হবে ২০২৭ সালের পবিত্র হজ।