ভারতে ১২৪ বাংলাদেশি আটক


Rajib Sen Prince প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৬, ১:৫৮ অপরাহ্ন /
ভারতে ১২৪ বাংলাদেশি আটক

ভারতের কর্নাটকে অবৈধভাবে বসবাসের অভিযোগে ১২৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বেঙ্গালুরু সিটি পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা গত কয়েক বছর ধরে বেঙ্গালুরুর কাদুগোডি এবং ভার্থুর থানা এলাকায় অস্থায়ী অবকাঠামো নির্মাণ করে বসবাস করছিলেন।

বেঙ্গালুরু পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিংয়ের নির্দেশে কেন্দ্রীয় অপরাধ শাখার (সিসিবি) চারটি দল এই অভিযান পরিচালনা করে।

আটককৃতদের মধ্যে ৪৮ জন পুরুষ, ৪২ জন নারী এবং ৩৪ জন শিশু রয়েছে।

পুলিশ জানিয়েছে, যে তারা প্রত্যেকেই অস্থায়ী ঝুপড়ি নির্মাণ করে বসবাস করছিলেন। অভিযানের সময় তাদের কারও কাছেই ভারতে প্রবেশ ও বসবাসের কোনো বৈধ নথি ছিল না।

বর্তমানে তাদের সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই বাংলাদেশিদের নিজেদের দেশে ফেরত পাঠানোসহ আনুষঙ্গিক পদক্ষেপ নিতে বিদেশি আঞ্চলিক নিবন্ধন অফিসে (এফআরআরও) একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

সিটি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ কমিশনারের নির্দেশে অবৈধ বাংলাদেশিদের খোঁজে গত কয়েকদিন ধরেই বিভিন্ন থানার অন্তর্গত এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। এই অভিযানে ২০০ বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, দ্য গ্রেটার, বেঙ্গালুরু অথরিটি এবং সামাজিক ন্যায় বিচার বিভাগের সহায়তায় এই অভিযান চালানো হয়।

এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সাথে সাথে অভিযানও অব্যাহত থাকবে।