কর্ণফুলীতে নোঙর করা ট্রলারে বিস্ফোরণের পর আগুন, দগ্ধ ৬


Rajib Sen Prince প্রকাশের সময় : জুন ৩০, ২০২৬, ৮:২৯ অপরাহ্ন /
কর্ণফুলীতে নোঙর করা ট্রলারে বিস্ফোরণের পর আগুন, দগ্ধ ৬

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারের ইঞ্জিন কক্ষে হঠাৎ বিকট শব্দের পর আগুন ধরে যায়।

এতে দায়িত্বরত ছয়জন নাবিক ও কর্মী অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে কর্ণফুলী নদীর সদরঘাটের সাম্পানঘাট এলাকায় মুরিং বয়ায় নোঙর করা ট্রলারটিতে এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন—প্রকৌশলী আশিকুজ্জামান তামিম, গ্রিজার মো. রুবেল ও শাহ আলম, উইন্স অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি মো. রাসেল এবং নাবিক ছিদ্দিক আহমেদ।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় দগ্ধদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকা ছয়জনের মধ্যে দুইজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। বাকি চারজন চমেক হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ট্রলারের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ নগরের সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গভীর সমুদ্রে মাছ আহরণ শেষে গত ২৯ জুন দুপুর ২টার দিকে ট্রলারটি কর্ণফুলী নদীর সদরঘাটের সাম্পানঘাট এলাকায় মুরিং বয়ায় নোঙর করা হয়।

পরদিন মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ট্রলারের ইঞ্জিন কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এর পরপরই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। সে সময় ইঞ্জিন কক্ষে দায়িত্ব পালনরত ছয়জন অগ্নিদগ্ধ হন।

নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

তাঁদের ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে। অন্য চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি খতিয়ে দেখছে।